ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় জিপিএ-৫ পেল ৫০ শিক্ষার্থী।
ঝালকাঠি প্রতিনিধি:
চলতি বছরের দাখিল পরীক্ষায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৭৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৫২ জন উত্তীর্ণ এবং ২৭ জন অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির মোট পাসের হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ৩৩ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫০ জন সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠানটি এবারও ভালো ফলাফল ধরে রেখেছে।
১৯৫৬ সালে মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করছে। এখানে দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কামিল পর্যায়ে হাদিস, তাফসির, ফিকহ ও আদব বিষয়ে পাঠদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি গাজী মুহম্মদ শহিদুল ইসলাম ফলাফলে সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক ভালো ফলাফলের পেছনে সুন্নাতে নববীর অনুসরণ, আওলিয়ায়ে কেরামের আদর্শ, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, নিয়মিত অভিভাবক সম্মেলন, শিক্ষা-সহায়ক কার্যক্রম, আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি ও টিউটরিয়াল ব্যবস্থার কথা উল্লেখ করেন।
তিনি এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন