সরকারি অর্থায়নের অপেক্ষায় নয়, নিজস্ব উদ্যোগে সেতু সংস্কারে নেমেছেন আমতলীর স্বেচ্ছাসেবীরা।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউটা গ্রামের মানুষের চলাচলের একমাত্র সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে এবার নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সেতুটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সেতুটি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও রোগীরা। সম্প্রতি সেতুটি পার হতে গিয়ে এক গর্ভবতী নারী নিচে পড়ে গুরুতর আহত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর দ্রুত সেতুটি সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর আমতলী উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়। আবেদনের পরদিনই এলজিডির সিনিয়র প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।
তবে সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অপেক্ষায় না থেকে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন আমতলীর একদল তরুণ ও স্বেচ্ছাসেবী।
উদ্যোক্তারা জানান, সেতুর সংস্কারকাজ সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। মানবিক এই উদ্যোগ সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন তারা।
স্থানীয়দের আশা, স্বেচ্ছাসেবীদের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু সোনাউটা গ্রামের মানুষের দুর্ভোগই লাঘব করবে না, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন